সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধি দল; নেতৃত্বে গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের প্রধান নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে এই আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়।
ইসি ও জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালা সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয়ে সম্প্রতি ‘বিএনপিপন্থি’ অতিরিক্ত সচিব নিয়োগের বিতর্ক, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংক্রান্ত সাম্প্রতিক বিষয়াদিসহ নির্বাচন সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
হাই-ভোল্টেজ এই বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাড়া অন্যান্য প্রতিনিধিরা হলেন— সহ-সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং সিনিয়র আইনজীবী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
|