আলেমদের জঙ্গি তকমা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: দাড়ি-টুপি দেখলেই যাঁরা মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছেন এবং শাপলা চত্বরে রক্ত ঝরিয়েছেন, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি; বরং দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “শাপলা চত্বরে যাঁরা রক্ত ঝরিয়েছেন এবং দাড়ি-টুপি দেখলেই যাঁরা জঙ্গি তকমা দিয়েছেন, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। যাঁরা আলেম-ওলামা ও ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছিলেন, এ দেশের মানুষ তাঁদের কোনো দিন মেনে নেবে না; তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মানুষ আবারও মাঠে নামবে।”
জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার অবদানের কথা স্মরণ করে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, “মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিলেন, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাঁদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।”
মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, শায়খুল হাদিস আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া, মাওলানা মো. জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা মুফতি আবদুল কাদের, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আশহাদ রশিদী, ভারতের মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক ও মাওলানা খলিল আহমদ কাসেমী প্রমুখ।
সম্মেলন উপলক্ষে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আসরের নামাজের পর মাদ্রাসার মুহতামিম একরাম হোসাইন ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের সমাপ্তি ঘটে।
এআইএল/সকালবেলা