দোয়ারাবাজারে দাদার স্বপ্নপূরণে চিকিৎসক হলেন নাতনি

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
দোয়ারাবাজারে দাদার স্বপ্নপূরণে চিকিৎসক হলেন নাতনি

সুনামগঞ্জ প্রতিনিধি: প্রয়াত দাদা শফিউল্লাহর স্বপ্ন পূরণ করে চিকিৎসাশাস্ত্রে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন নাতনি জান্নাতুল মাঈশা। অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি দাদার সেই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিয়েছেন। তাঁর এই সাফল্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ নুরুল হক ও সোনারা বেগমের মেয়ে জান্নাতুল মাঈশা সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ থেকে সফলতার সঙ্গে এমবিবিএস স্নাতক সম্পন্ন করেছেন। প্রয়াত দাদা শফিউল্লাহর প্রত্যাশা ছিল পরিবারের কেউ একজন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। দাদার সেই স্বপ্নকে ধারণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন জান্নাতুল মাঈশা।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নাতনির এই অর্জনে পরিবারের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। আপ্যায়ন শেষে পরিবারের সদস্যরা জান্নাতুল মাঈশাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

জান্নাতুল মাঈশার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এ সময় স্বজনেরা প্রয়াত শফিউল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং নাতনির উজ্জ্বল ভবিষ্যৎ ও মানবিক চিকিৎসক হিসেবে আর্তমানবতার সেবায় নিজেকে নিবেদিত করার শুভকামনা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক, আব্দুর রহিম, আব্দুল করিম, শাহজাহান, আব্দুর রহমান, বড় ভাই কাউসার আহমেদ, রাহাত, কামরুল ও ফুফু সুফিয়া প্রমুখ।

এআইএল/সকালবেলা