যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২

বিশেষ প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনি এলাকার বাদলের বাড়ির পেছনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

পুলিশ ও ঘটনাস্থলে থাকা শ্রমিকেরা জানান, সকালে বাদলের বাড়ির পেছনে জমা করে রাখা মাটি কাটার কাজ করছিলেন তাঁরা। একপর্যায়ে কোদালের আঘাত লাগলে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটে এবং দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং বিস্ফোরিত বোমার কিছু আলামত সংগ্রহ করেছে। দীর্ঘদিন আগে কেউ ওই মাটির নিচে বোমা পুঁতে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার পর এ বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

এআইএল/সকালবেলা