বাংলাদেশি জাতীয়তাবাদ মানেই সবার সমান অধিকার: ইশরাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশি জাতীয়তাবাদ মানে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর লক্ষ্মীবাজারে শ্রী শ্রী নরসিংহ জিউ বিগ্রহ মন্দিরের সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্ম ও বর্ণের মানুষ সমান অধিকার, নিরাপত্তা ও আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে—এমন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তিই হলো দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করা। অতীতে পূজার আগে একটি গোষ্ঠী ভয়ভীতির পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি সতর্ক করে দেন, ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা যৌথভাবে মোকাবিলা করা হবে।
মন্দিরের উন্নয়ন প্রসঙ্গে ইশরাক হোসেন জানান, ঢাকা-৬ আসনে বহু প্রাচীন মন্দির রয়েছে। আসন্ন পূজাকে কেন্দ্র করে এলাকার মন্দিরগুলোর সংস্কারের জন্য সরকারের কাছে বিশেষ বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। খুব দ্রুতই এই বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশব্যাপী চলমান গ্যাস সংকট প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশীয় জ্বালানি উত্তোলনে নজর না দিয়ে আমদানিনির্ভর নীতি গ্রহণ করার খেসারত দিতে হচ্ছে জনগণকে। তবে বর্তমান সরকার ইতোমধ্যেই নতুন রিগ অনুমোদন দিয়ে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংকটের কারণে জনগণের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।
এআইএল/সকালবেলা