হাসিনা ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
হাসিনা ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা কেবল দলীয় কর্মীদের চাঙ্গা রাখার জন্য একটি 'রাজনৈতিক ভাওতাবাজি' বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, "আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল শুরু থেকেই ভুল ছিল। গণতন্ত্রের চর্চা না করে তারা ফ্যাসিবাদের পথ বেছে নিয়েছিল। একটি নির্দিষ্ট ব্যক্তির পূজা এবং মুক্তিযুদ্ধকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা এতদিন ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালায়। জুলাই গণহত্যার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় ঘটেছে।"

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের আগেই শেখ পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছে। ফ্যাসিবাদের পুনর্বাসন রোধে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি সতর্ক করেন যে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে আওয়ামী অপশক্তি আবারও সুযোগ নিতে পারে।

অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এই গণহত্যার নৈতিক ও রাজনৈতিক দায় তৎকালীন প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না।

‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন