কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (ফাইল ছবি)

বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের সুনির্দিষ্ট পরিকল্পনা সরকার অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা জানান।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে আরবিতে কালেমা খচিত পতাকা উত্তোলনের বিষয়টি গণমাধ্যমকর্মীরা উপদেষ্টার দৃষ্টিগোচরে আনলে তিনি বলেন, "বিষয়টি নিয়ে খুব বিস্তারিত এখনই বলছি না। তবে এটি সরকার পূর্ণাঙ্গভাবে কগনিজেন্স বা আমলে নিয়েছে এবং গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার বিন্দুমাত্র কারণ নেই।"

উপদেষ্টা আরও উল্লেখ করেন, "বরং এটি কার বা কাদের উসকানিতে হচ্ছে, তা সরকার খতিয়ে দেখছে। কারণ এই ধরনের কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বা গ্লোবালি কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার একটি বড় আশঙ্কা রয়েছে। এই ব্যাপারে বর্তমান সরকার পুরোপুরি সচেতন আছে।"

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়ে ডা. জাহেদ উর রহমান একটি গণমাধ্যমকে জানান, "আমরা এটি নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবেও এই সংবেদনশীল ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আশা করছি, এই জিনিসটি এভাবে আর কন্টিনিউ বা চলমান থাকবে না।"

এই ধরণের কর্মকাণ্ডের সাথে কারা জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এগুলো তো বুঝতেই পারছেন, এটি আসলে কারা করছে এবং কেন করছে। কিছু মানুষকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কথা বলতে বা প্রচার চালাতে দেখছেন, কিন্তু তারাই তো আসলে সবসময় মূল ব্যক্তি না। তাই এর নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার জন্য একটু বিস্তারিত খতিয়ে দেখার প্রশ্ন আছে। যেহেতু এটি বেশ বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে, তাই এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট নীল নকশা বা পরিকল্পনা আছে। সেটাই আমরা খতিয়ে দেখছি এবং ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এটি বের করতে পারব।"

মন্তব্য করুন