আ: লীগের মুক্তিযুদ্ধ বিক্রির মত জুলাইকে বিক্রি করবেন না: তথ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
আ: লীগের মুক্তিযুদ্ধ বিক্রির মত জুলাইকে বিক্রি করবেন না: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নিজস্ব স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, "সমাজে যখনই অবিচার ও নিপীড়ন সীমা ছাড়িয়েছে, তখনই সাধারণ মানুষ স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জুলাইয়ের মূল চেতনাকে ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে 'জুলাই শহীদ দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

অতীতের রাজনৈতিক চর্চার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, "আওয়ামী লীগ যেভাবে বছরের পর বছর মুক্তিযুদ্ধের চেতনাকে বাজারজাত বা বিক্রি করেছে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে দয়া করে সেভাবে বিক্রি করবেন না। স্বাধীনতা যুদ্ধের আসল অদম্য চেতনা কিন্তু জুলাইয়ের ছাত্র-জনতার ত্যাগের মধ্যেই মিশে রয়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার এই লড়াইয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অগণিত নেতাকর্মীকে চরম জুলুম-নির্যাতন ও কারাবাস সহ্য করতে হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন