চামড়া দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত: শিল্পমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
চামড়া দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল অপরিকল্পিত ও অবহেলাপূর্ণ। ফলে এই শিল্প এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

শনিবার (১৬ মে) সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিসিক কার্যালয়ে ট্যানারি মালিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

শিল্পমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, "গত কয়েক বছরে সঠিক নীতিমালার অভাবে এই সম্ভাবনাময় খাতকে কার্যত ধ্বংস করে ফেলা হয়েছে। অথচ দেশে প্রতি বছর যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয়, তা যদি বৈজ্ঞানিক উপায়ে সঠিকভাবে প্রক্রিয়াজাত ও রপ্তানি করা যেত, তবে এই একটি খাত থেকেই বছরে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।"

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জানান, কোরবানির ঈদের সময় অতিরিক্ত বর্জ্যের চাপ মোকাবিলায় বিদ্যমান সিইটিপির বর্তমান সক্ষমতা মোটেও পর্যাপ্ত নয়। বর্তমানে সিইটিপিতে প্রি-ট্রিটমেন্টের মান বজায় রেখে প্রতিদিন ১৪ থেকে ১৮ হাজার সিপিএম বর্জ্য পরিশোধনের সক্ষমতা রয়েছে। কিন্তু ঈদ মৌসুমে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতের পরিমাণ কয়েকগুণ বেড়ে যাওয়ায় দৈনিক বর্জ্য পরিশোধনের চাহিদা প্রায় ৪৫ হাজার সিপিএমে পৌঁছে যায়। ফলে সিইটিপির ওপর অতিরিক্ত ও ঝুঁকিপূর্ণ চাপ সৃষ্টি হয়।

পরিবেশ সুরক্ষার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, "ঈদকে কেন্দ্র করে উৎপাদন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে সেই অনুপাতে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতাও বাড়াতে হবে। ভবিষ্যতে যেসব ট্যানারি প্রতিষ্ঠানের আর্থিক ও কারিগরি সক্ষমতা রয়েছে, তাদের নিজস্ব ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনে উৎসাহিত করা হবে। এতে কেন্দ্রীয় ইটিপির ওপর থেকে চাপ কমবে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনেক বেশি কার্যকর হবে।"

প্রয়োজন হলে নিজস্ব ইটিপি স্থাপনে সরকার ট্যানারি মালিকদের নীতিগত ও কারিগরি সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সিইটিপির বিদ্যমান কারিগরি ও ব্যবস্থাপনাগত ত্রুটিগুলো দ্রুত সমাধান করে পরিবেশবান্ধব ট্যানারি শিল্প গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভা শেষে শিল্পমন্ত্রী চামড়া শিল্পনগরীর ভেতরে অবস্থিত ‘অঞ্জুমান ট্যানারি’ ও ‘ঢাকা হাইড অ্যান্ড স্কিন ট্যানারি’ ঘুরে দেখেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিসিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।