১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই নির্ধারিত সময়সীমাকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ও চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন খাতের উন্নয়ন ও চলমান কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মেগা তথ্যটি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তা বর্তমানে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে, যার খেসারত জাতিকে দিতে হচ্ছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে এবং দ্রুতই দেশজুড়ে ‘হেলথ কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হবে।
দেশের গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুন মাসের মধ্যে এই কমিশনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। এছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা ফেরাতে আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।