আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তর

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তর
শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নতুন বিধিমালা অনুযায়ী যানবাহন ও হর্ন ব্যবহারে বিধিনিষেধ জারি।

মানবস্বাস্থ্য, জনজীবন ও জীববৈচিত্র্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ পরিপালনের উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নাগরিকদের নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার জোরালো আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা নির্ধারণ করার পাশাপাশি আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্দেশনায় জানানো হয়, নীরব এলাকায় সর্বোচ্চ শব্দমাত্রা ৫০ ডেসিবল (বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৪০-৫০ ডেসিবল) এবং শিল্প এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবল নির্ধারিত থাকবে। নির্ধারিত সীমা অতিক্রম করে যেকোনো প্রকার উচ্চ শব্দ সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি।

নতুন বিধিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া জনপরিসরে কোনো সাউন্ড সিস্টেম, মাইক বা উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে অনুমতি দেওয়া হলেও শব্দের মাত্রা ৯০ ডেসিবলের মধ্যে এবং ব্যবহারকাল সর্বোচ্চ ৫ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে রাত ১১টার পর এসব যন্ত্র ব্যবহারের কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদিত সীমার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন উৎপাদন, আমদানি, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। বিশেষ করে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাকে 'নীরব এলাকা' হিসেবে গণ্য করে সেখানে হর্ন বাজানো এবং আতশবাজি বা পটকা ফোটানো কঠোরভাবে বারণ করা হয়েছে।

প্রাকৃতিক বনাঞ্চলে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা বন্যপ্রাণীর ক্ষতি করে এমন বনভোজন কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি আবাসিক এলাকার সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ভারী নির্মাণ যন্ত্রপাতি পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা ঘটনাস্থলে আইন লঙ্ঘনের ঘটনা প্রত্যক্ষ করলে সঙ্গে সঙ্গে বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

মন্তব্য করুন