সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, তাদের সম্পূর্ণ নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‍্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে দ্রুতই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসন না থাকায় দুর্বৃত্তায়নের মহামারি ছিল। জঙ্গল সলিমপুরকে ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ বানানো হয়েছিল, যা এখন আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনেছে। সেখানে যৌথ অভিযানে অনেক অস্ত্র উদ্ধার ও দাগী আসামি গ্রেপ্তার হয়েছে। সেখানে পুলিশ ও র‍্যাবের একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স এবং কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে যে উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, তা কঠোরভাবে দমন করা হবে। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটলেও তা ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হয়েছে। জাতীয়ভাবে উত্তেজনা তৈরির মতো কোনো ঘটনা ঘটেনি। এছাড়া, ঈদ ও লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সাভারে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ঈদযাত্রায় টোল প্লাজার যানজট নিরসনে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ও স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালুর বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে জঙ্গল সলিমপুরের পরিস্থিতি নিয়ে কথা বলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি স্পষ্ট করেন, হামলাটি নিয়মিত ক্যাম্পে হয়নি; একটি নতুন বিশেষ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে সাময়িক অসাবধানতা বা দুর্বলতা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীকে ওভারপাওয়ার করার শক্তি অপরাধীদের নেই। জঙ্গল সলিমপুরে এ পর্যন্ত প্রায় ৩০ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের চিরতরে উচ্ছেদ করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।