মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা দীর্ঘ বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "এই মোহাম্মদপুরকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে।"
আজ শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মোহাম্মদপুরে এক নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে দেশে কোনো অপরাধ করে অপরাধীদের পার পাওয়ার সুযোগ নেই, প্রতিটি ঘটনার অপরাধীকেই আইনের আওতায় আনা হচ্ছে।"
অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সরকারের ওপর কোনো ধরনের হুমকি নেই। দলটি যাতে কোনো ধরনের কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদনের (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) একটি চিঠি পাঠিয়েছে। সেখানে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকার অত্যন্ত দ্রুততার সাথে মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র দুবাইতে মেইল করে পাঠিয়ে দিয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার আইনি কার্যক্রম অত্যন্ত সক্রিয়ভাবে অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমান সরকার পূর্বের যেকোনো সরকারের তুলনায় অনেক বেশি গতিশীলতার সাথে কাজ করছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
এআইএল/সকালবেলা
|