মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক: মাদক চোরাকারবারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম ৬০ দিনে অবৈধ মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য খাইরুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
সংসদে অভিযানের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে মোট ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯ হাজার ২৫১টি মামলা দায়েরের পাশাপাশি ৯ হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া মাদক ও অস্ত্র উদ্ধারে গত ১ মে থেকে দেশব্যাপী সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক বিশেষ অভিযান চলমান রয়েছে।
মাদকের বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”
তিনি আরও জানান, এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে উপজেলা ও জেলাভিত্তিক এবং মেট্রোপলিটন এলাকার থানাভিত্তিক অবৈধ মাদকব্যবসায়ীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ করার কাজ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে অপরাধীদের এই তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া এবং সেই তালিকা অনুযায়ীই পরবর্তী অভিযানগুলো চালানো হবে।
|