প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকালীন সংসদীয় দায়িত্ব বণ্টনের এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে তাঁর হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট মন্ত্রীদের মনোনীত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে সংসদ অধিবেশনে এসব বিভাগ সংক্রান্ত প্রশ্ন ও আলোচনার জবাব দেবেন সংশ্লিষ্ট এই দুই মন্ত্রী।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সরকারের নীতিনির্ধারণী এই সিদ্ধান্তকে সংসদীয় কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার ফেসবুক পোস্টে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন