ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের
বিশেষ প্রতিবেদন: এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখার অভিযোগে ওইসব শেয়ার তিন মাসের জন্য অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারা লঙ্ঘন করে ওই ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ারের একক আধিপত্য রোধে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. লুৎফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও আদেশ দেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।
রুলে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(৩) ধারা অনুযায়ী আইনের সীমার অতিরিক্ত উদ্বৃত্ত শেয়ার বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা শেয়ারহোল্ডার 'ইসলামিক ইকনোমিক রিসার্চ ব্যুরো' (আইইআরবি) এই রিটটি দায়ের করে।
রিট আবেদনকারীর আইনজীবী জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো একক পরিবার বা গ্রুপ কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। অথচ এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে এককভাবে ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করে আসছে। আইন অনুযায়ী নির্ধারিত সীমার অতিরিক্ত শেয়ার বাজেয়াপ্ত করার স্পষ্ট বিধান রয়েছে।
এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে হাইকোর্ট ওই ২৪টি প্রতিষ্ঠানের ধারণকৃত শেয়ার তিন মাসের জন্য ফ্রিজ রাখার নির্দেশ দেন।
এআইএল/সকালবেলা