প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ সেল: এমপিরা শুধু প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ সেল: এমপিরা শুধু প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: সংসদ সদস্যদের (এমপি) নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে সরাসরি থোক বরাদ্দ দেওয়ার পদ্ধতি বাতিল করছে সরকার। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অধীনে একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

নতুন নিয়মে এমপিরা শুধু তাঁদের এলাকার জন্য উন্নয়ন প্রকল্পের লিখিত প্রস্তাব দিতে পারবেন, তবে তহবিলের ওপর তাঁদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যে ‘সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সেল’ নামে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এই সেলের প্রধান হিসেবে কাজ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকল্প নির্বাচনের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করেছে। এমপিদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর বিশেষ এই সেল তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় নিজস্ব সংস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবে এবং প্রতি মাসের ৫ তারিখের মধ্যে কাজের অগ্রগতি এই সেলকে জানাবে।

বিগত সরকারের আমলে এমপিরা বার্ষিক ৫ কোটি টাকা করে থোক বরাদ্দ পেতেন, যা নিয়ে স্থানীয় পর্যায়ে দুর্নীতি ও স্বজনপ্রীতির ব্যাপক অভিযোগ উঠত। নতুন এই উদ্যোগের ফলে এমপি ও তাঁদের ঘনিষ্ঠদের দুর্নীতি দূর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি অত্যন্ত গঠনমূলক হবে এবং দুর্নীতি রোধে বড় ভূমিকা রাখবে।