হাওরাঞ্চলের শিক্ষায় পৃথক পরিকল্পনা করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব অঞ্চলের শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধান অগ্রাধিকার পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চলের শিক্ষার মান বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নৌযান সার্ভিস চালু এবং স্থানীয় বাস্তবতার নিরিখে পাঠদানের সময়সূচিতে পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে চলমান ‘স্কুল ফিডিং’ প্রকল্পের কঠোর তদারকির কথা উল্লেখ করে তিনি বলেন, “শিশুদের খাবারের গুণগত মান ও সরবরাহে কঠোর নিয়ম চালু করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী তাহিরপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।
এআইএল/সকালবেলা
|