গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী
অনলাইন ডেস্ক: তীব্র গ্যাস সংকটের কারণে সার কারখানা চালানো যাচ্ছে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে প্রশ্ন তোলেন।
জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যমুনা সার কারখানাটি বর্তমানে সম্পূর্ণ উৎপাদন সক্ষম রয়েছে, তবে পর্যাপ্ত গ্যাসের অভাবে এটি চালানো যাচ্ছে না। তিনি আশ্বস্ত করে বলেন, "গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি পুনরায় চালু করতে আমাদের কোনো সমস্যা নেই।" এ সময় তিনি আরও জানান, সার কারখানাগুলোর নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে আলাদা গ্যাস নেটওয়ার্ক তৈরির সম্ভাবনাও সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে।
এদিকে, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১২টি রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বন্ধ রয়েছে এবং ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকলে আখ মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে।
সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আরও জানান, চট্টগ্রাম জেলায় স্থাপিত বিসিকের ৫টি শিল্পনগরীতে বিগত ১৭ বছরে ৪৩টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে।