৩ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
৩ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক:উজানের পাহাড়ি ঢল এবং টানা ভারি বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি হু-হু করে বাড়ছে। ইতোমধ্যে দেশের প্রধান ৩টি নদীর পানি নির্দিষ্ট পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৪টি জেলায় আকস্মিক ও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, সুরমা নদী সুনামগঞ্জের ছাতক পয়েন্টে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং সীমান্তবর্তী ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা বুধবার পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদী কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

অপরদিকে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বা নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে।

এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী চার দিন অব্যাহত থাকতে পারে। এতে করে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সতর্কসীমা ছুঁইছুঁই করে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

একইভাবে রংপুর ও রাজশাহী বিভাগের আপার করতোয়া, আত্রাই, পুনর্ভবা, মহানন্দাসহ অন্যান্য ছোট-বড় নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন