নতুন দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সার্বিক কল্যাণমূলক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান ও ক্ষমতার আলোকে ট্রাস্টের নতুন এই কমিটি গঠন করা হয়েছে।
পুনর্গঠিত এ নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটিতে বিশিষ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে।
এছাড়া পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাহী কমিটির সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন।
নবগঠিত নির্বাহী কমিটি ট্রাস্টের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী অর্পিত সব দায়িত্ব বাস্তবায়ন নিশ্চিত করবে। একই সঙ্গে ট্রাস্টের আওতাধীন বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নিয়মিত হিসাব নিরীক্ষার বিষয়টি তদারকি করবে কমিটি।
ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে সুচারুভাবে বাস্তবায়নসহ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যান নিশ্চিতকরণে নতুন এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
|