দীঘিনালায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
দীঘিনালায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

রুপম চাকমা, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে তিনি দীঘিনালার বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

সফরকালে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদরসহ দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের হাসিনশনপুর ও তারাবনিয়াসহ বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর দুর্ভোগের কথা শোনেন এবং তাঁদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেন। ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা করে দুর্গতদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

বন্যাদুর্গতদের সাহস জুগিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন:

"সম্প্রতি পাহাড়ি ঢল ও বন্যায় এই অঞ্চলের মানুষ অত্যন্ত কঠিন সময় পার করেছেন। বন্যার প্রথম দিন থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা নিজেদের কখনো একা বা দুর্বল ভাববেন না। জনগণের এই সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।"

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।

এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা