যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাসামগ্রী দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
যশোর জেনারেল হাসপাতালে  চিকিৎসাসামগ্রী দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ৪০ লাখ টাকার বিভিন্ন জরুরি চিকিৎসাসামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুরে যশোর সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন তিনি। আন্তর্জাতিক সাহায্য সংস্থা 'হিউম্যান অ্যাপিল ইউএসএ’-র বিশেষ সহযোগিতায় প্রাপ্ত এসব সামগ্রীর মধ্যে রয়েছে নিবিড় পরিচর্যায় ব্যবহৃত ব্যথার ইনজেকশন, বয়স্ক রোগীদের প্যাম্পাস, সার্জিক্যাল গ্লাভ্‌স, ক্যানোলা, চিকিৎসকদের বিশেষ পোশাক এবং অস্ত্রোপচার কক্ষে (ওটি) ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জাম।

হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও ভর্তি হওয়া সাধারণ রোগীরা যেন এসব জীবনরক্ষাকারী সামগ্রী সঠিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে পান, তা নিশ্চিত করতে হবে। এতে যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে, সে বিষয়েও তিনি কড়া নজরদারির নির্দেশ দেন।

চিকিৎসাসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত এবং জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালটি কাগজে-কলমে ২৫০ শয্যার হলেও খুলনা বিভাগের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হওয়ায় এখানে সার্বক্ষণিক দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপের কারণে প্রায়ই ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দেয়। জ্বালানি প্রতিমন্ত্রীর মাধ্যমে পাওয়া এই ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী হাসপাতালের বর্তমান সংকট দূর করে রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে বলে জানান তাঁরা।

সকালবেলা / নুসরাত