বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক: বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব একটা বেশি প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এর ফলে কেউ যদি অন্যায়ভাবে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে, তবে সরকার তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে কাজ করবে। আজ শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন বাজেটকে কেন্দ্র করে এই সময়ে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "ভর্তুকির সমন্বয় কোনো না কোনো একটা জায়গায় করতেই হতো। আপনারা অনেকেই বাজারে যান, আমিও বাজারে যাই। বর্তমানে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচাবাজার ও সবজির মূল্য অনেক সময়ের তুলনায় বেশ নিয়ন্ত্রণে আছে। আমি বলতে চাই, দাম বাড়ার যে প্রবণতা ছিল, সেটির রিভার্সাল বা উল্টো গতিও কিন্তু শুরু হয়েছে।"
ভর্তুকি সংকটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আমরা যখন ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, তখন সরকারের আরও অনেক উন্নয়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা প্রকল্প বাধাগ্রস্ত হয়। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় এবং সোশ্যাল সেফটিতে বড় পরিবর্তন আনতে চাই—আপনারা ফার্মার্স কার্ড ও ফ্যামিলি কার্ডের কথা জানেন। তাই ওসব খাতের ব্যয়ের সংস্থান তো আসলে আমাদেরকেই করতে হবে।"
উপদেষ্টা জাহেদ উর রহমান আশ্বাস দিয়ে বলেন, "যদি কিছু মূল্য বাড়েও—সেটা করা উচিত হবে না এবং সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে সম্পূর্ণ সতর্ক থাকবে। একই সাথে আমি বলতে চাই, যদি কারও ওপরে চাপ পড়েও, সেই ‘ভালনারেবল গ্রুপ’ বা প্রান্তিক জনগোষ্ঠীকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, জ্বালানির দামও তাদের জন্য বাড়াইনি এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই বিভিন্ন ভাতা পেতে শুরু করবেন।"
আসন্ন বাজেটের সুবিধা উল্লেখ করে তিনি বলেন, "এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। সুতরাং তাদের ওই চাপ থাকবে না। একই সাথে টিসিবির প্রকল্পসহ অন্যান্য যেসব সোশ্যাল সেফটি নেটের প্রকল্প ছিল, সেগুলো বলবৎ থাকছে। সুতরাং আশা করি এটি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না। তবে এর মানে এই না যে বাজারে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হলে সরকার চুপ থাকবে; সরকার নিশ্চয়ই এ নিয়ে শক্ত কাজ করবে।"