বিগত সরকারের অপরিকল্পিত সম্প্রসারণেরই ফল বর্তমান লোডশেডিং: ইকবাল হাসান মাহমুদ

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
বিগত সরকারের অপরিকল্পিত সম্প্রসারণেরই ফল বর্তমান লোডশেডিং: ইকবাল হাসান মাহমুদ
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক: বিদ্যুতের ভর্তুকি লাগাম টানার চেষ্টা করেই এবারের বাজেটে বিদ্যুৎ খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে তিনি জানান, বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে আসার বিষয়টি মাথায় রেখে ২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।

শুক্রবার (১২ জুন) সকালে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে অপরিকল্পিত সম্প্রসারণ করায় অনেক লাইন তৈরি হয়েছিল। ফলে উৎপাদন, সঞ্চালন ও সরবরাহ—এই তিন খাতের মধ্যে কোনো সঠিক সমন্বয় করা হয়নি। এতে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ঠিক থাকলেও বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে গড়ে ওঠেনি, যার খেসারত হিসেবে বর্তমানে লোডশেডিং হচ্ছে।

তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা বিতর্কিত ও অপরিকল্পিত সব বিদ্যুৎ চুক্তি বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। কোনো আইনি বাধা না থাকলে দেশের স্বার্থে সেসব চুক্তি থেকে বর্তমান সরকার সরে আসবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, চলতি বছরের নভেম্বর মাস থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। জাতীয় গ্রিডে এই কেন্দ্র থেকে প্রাথমিক অবস্থায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন