সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি
স্টাফ রিপোর্টার: রাজধানীতে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সায়দাবাদ বাস টার্মিনালে আধুনিক এসি বাস টার্মিনাল ও উন্নত যাত্রীসেবা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রধান সড়কে যত্রতত্র এসি বাসের কাউন্টার থাকার কারণে সৃষ্ট জটলা কমাতে এই টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাস মালিক সমিতির সাথে যৌথ পর্যালোচনার মাধ্যমে এ পরিকল্পনা তৈরি করা হয়।
বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়দাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন পরিকল্পনা অনুযায়ী সায়দাবাদে জায়গা বাড়িয়ে এসি বাসের সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠানামা এবং আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনার স্থান নির্ধারণ করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দেন। কাজের গতি বাড়াতে টেন্ডার পদ্ধতির দীর্ঘসূত্রতা এড়িয়ে বাস মালিক সমিতিকে স্বল্প সময়ে বাস্তবায়নের প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীসেবা উন্নত করতে নেওয়া প্রধান সিদ্ধান্তসমূহ: পুরাতন মোটর গ্যারেজের জায়গায় নির্মাণাধীন ভবন বড় করে নতুন এসি বাস কাউন্টার করা হবে। কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি পার্কিং শেড ও পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণে একই ধরনের আরও একটি নতুন শেড তৈরি করা হবে। বর্ষাকালে শেডে বৃষ্টির পানি পড়া বন্ধে পদক্ষেপ এবং পুরো টার্মিনালের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। টার্মিনালে যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ স্থাপন করা হবে।
সিটি কর্পোরেশনের আশা, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন হলে সায়দাবাদ টার্মিনালে ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের দুর্ভোগ কমবে।
এআইএল/সকালবেলা