ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে ইরান। গত সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এই প্রস্তাব উত্থাপন করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন পথ উন্মুক্ত হবে। ইরান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে

আমদানি: ইরান থেকে সাশ্রয়ী মূল্যে পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও বিভিন্ন খাদ্যসামগ্রী আমদানির সম্ভাব্যতা যাচাই। রপ্তানি: ইরান ও মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাকের চাহিদা থাকায় রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্ব। অর্থনৈতিক সম্প্রসারণ: সরাসরি ফ্লাইট চালুর ফলে ব্যবসায়ী, পর্যটক ও বিনিয়োগকারীদের যাতায়াত সহজ হবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইরানের এই প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন