প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
উপ-প্রেস সচিব বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, কারিগরি শিক্ষা প্রসার এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।
গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠকে বাংলাদেশের নবনির্বাচিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
|