বাংলাদেশিদের চীনে যাতায়াত সহজ করতে নতুন ভিসা গাইডলাইন প্রকাশ চীনা দূতাবাসের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
বাংলাদেশিদের চীনে যাতায়াত সহজ করতে নতুন ভিসা গাইডলাইন প্রকাশ চীনা দূতাবাসের

অনলাইন ডেস্ক: বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য চীনের ঐতিহাসিক ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণের ভিসা প্রক্রিয়া বেশ সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। বহুল প্রতীক্ষিত এই প্রদর্শনীতে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের জন্য এবার ভিসা সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টন ফেয়ার ভিসার আবেদনের জন্য গ্রাহকদের মূল ভিত্তি হিসেবে কেবল ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিশিয়াল অফিশিয়াল আমন্ত্রণপত্র (ইনভিটেশন লেটার) জমা দিতে হবে। ভিসা আবেদনের প্রক্রিয়ায় এটিই একমাত্র প্রধান ও বাধ্যতামূলক নথি হিসেবে গণ্য হবে। তবে প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে আবেদনকারীরা চাইলে নিজেদের আগের চীনা ভিসা, পূর্বের ভ্রমণ রেকর্ড এবং নিজ কোম্পানির গ্যারান্টি লেটার অতিরিক্ত সহায়ক কাগজ হিসেবে অনলাইন ফরমে সংযুক্ত করতে পারবেন।

তবে চীনা দূতাবাস স্পষ্ট জানিয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং সংশোধনের জন্য তা ফেরত পাঠানো হতে পারে। আবেদনকারীদের ভ্রমণ সূচিতে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সেজন্য নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আবেদন ফর্মটি নিজেদেরই পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত প্রতারণা এড়াতে সতর্ক করে দূতাবাস জানায়, ভুয়া আমন্ত্রণপত্র বা তথ্য গোপন করে জাল নথি জমা দিলে ভিসা পুরোপুরি প্রত্যাখ্যান করা হতে পারে, যা ভবিষ্যতে চীনে ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।

দূতাবাস আরও স্পষ্ট করে, কোনো থার্ড পার্টি ব্যক্তি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তাদের পক্ষ থেকে ভিসা সেবার অনুমোদন দেওয়া হয়নি। বাজারে চলা ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ কিংবা ‘বিশেষ চ্যানেলে সুযোগ’-এর মতো বিভ্রান্তিকর ও লোভনীয় প্রলোভনে পা না দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো অভিযোগ বা সরাসরি যোগাযোগের প্রয়োজনে চীনা দূতাবাসের অফিশিয়াল ই-মেইল (chinaemb_bd@mfa.gov.cn বা dhaka@csm.mfa.gov.cn) এবং ঢাকার চীনা ভিসা আবেদন কেন্দ্র হটলাইনে [(০০৮৮-০২) ২২৬৬০৩২৬১] কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন