হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকহাম মোকাবিলায় সরকারের বর্তমান মূল লক্ষ্য টিকাদান এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “টিকার ওপরে কোনো চিকিৎসা নেই। যারা এখনো টিকা পায়নি, সেই শিশুদের খুঁজে বের করে আমরা দ্রুত টিকার আওতায় আনব।”

আজ বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি দিলেও টিকাদান কর্মসূচি এখনো চলমান রয়েছে। টিকাবঞ্চিত এলাকাগুলোতে মাইকিং করে শিশুদের কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী আরও যোগ করেন, “টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, আমাদের সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। পত্রপত্রিকায় অনেক সময় ভুল তথ্য আসছে।”

হাম মোকাবিলায় সরকারের কোনো ঘাটতি নেই দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসিইউ সুবিধা এবং চিকিৎসকরা সার্বক্ষণিক সচেষ্ট রয়েছেন। হামের টিকার সংকট নিয়ে কোনো তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্ত করব না এমন কথা বলিনি। তবে এখন সংকট মোকাবিলার সময়। এখন বিচারে মনোযোগ দিলে সংকট আরও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেঙ্গুর কোনো টিকা নেই, তাই ব্যক্তিগত সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি। যদি রোগীর চাপ অনেক বেড়ে যায়, তবে একজন রোগীও যেন বিনা চিকিৎসায় না থাকে, সেজন্য মোবাইল বা ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এদিন সভায় চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানে চীনা দূতাবাস ও সিনোভ্যাক বায়োটেকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন