নারী চালক ও কন্ডাক্টর নিয়ে ঢাকায় চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
নারী চালক ও কন্ডাক্টর নিয়ে ঢাকায় চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’
নারীদের জন্য বিআরটিসির বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিসের সুসজ্জিত বাস।

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকায় চলাচলকারী নারীদের যাতায়াত নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক করতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সম্পূর্ণ নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষায়িত এ 'পিংক বাস' সেবা মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে সড়কে নামছে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের বর্তমান নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এই আধুনিক সার্ভিস চালু করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে 'মহিলা বাস সার্ভিস পরিচালনা' কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ বাসগুলোর মূল বৈশিষ্ট্য হলো—ড্রাইভিং সিটে নারী চালক থাকার পাশাপাশি কন্ডাক্টর ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরাই।

প্রাথমিক পর্যায়ে ঢাকার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রুটগুলোতে ১০টি 'পিংক বাস' দিয়ে সেবা প্রদান শুরু হবে। পাশাপাশি ঢাকার বাইরে আরও ৪টি বাস যুক্ত হচ্ছে; যার মধ্যে বগুড়ায় দুটি এবং বন্দরনগরী চট্টগ্রামে দুটি বাস চলাচল করবে।

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’:

  • নতুন বাজার (কোকাকোলা) – মতিঝিল (মতিঝিল ডিপো): নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • তালতলা – মতিঝিল (মতিঝিল ডিপো): খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।

  • ডেমরা স্টাফ কোয়ার্টার – জিপিও (যাত্রাবাড়ী ডিপো): ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও।

  • মিরপুর-১০ – মতিঝিল (কল্যাণপুর ডিপো): টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

  • মিরপুর – মতিঝিল (মিরপুর ডিপো - রুট ১): মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • মিরপুর-১২ – মতিঝিল (মিরপুর ডিপো - রুট ২): মিরপুর-১২, ১১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • মোহাম্মদপুর – মতিঝিল (মোহাম্মদপুর ডিপো): মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল।

  • আব্দুল্লাহপুর – মতিঝিল (জোয়ারসাহারা ডিপো): আব্দুল্লাহপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল।

  • গাজীপুর – বিমানবন্দর (গাজীপুর ডিপো): গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর।

ঢাকার বাইরের রুটসমূহ:

  • বগুড়া: শেরপুর থেকে মাটিডালি রুটে চলবে দুটি বাস।

  • চট্টগ্রাম: কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলবে দুটি বাস (রুট: কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার হয়ে পতেঙ্গা)।