মজুরি বোর্ড গঠন: সরকারের সিদ্ধান্তকে বিকেএমইএর স্বাগত
অর্থনৈতিক রিপোর্টার: পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সরকারি সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)।
রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম।
বিজ্ঞপ্তিতে বিকেএমইএ সভাপতি বলেন, বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আমাদের শ্রমিক ভাই-বোনেরা যে অর্থনৈতিক চাপের মুখে রয়েছেন, তা আমরা গভীরভাবে উপলব্ধি করি। তবে একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি আদেশ কমে যাওয়ার মতো বড় ধরনের চ্যালেঞ্জগুলোর কথাও মাথায় রাখতে হবে। তাই একদিকে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং অন্যদিকে কারখানাগুলো সচল রাখা—উভয় বিষয়ই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোহাম্মদ হাতেম আরও বলেন, গঠিত নতুন মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক—এই তিন পক্ষেরই উপযুক্ত প্রতিনিধি রাখা হয়েছে। আমরা পূর্ণ বিশ্বাস রাখি যে, পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমেই একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব হবে। আমরা এমন একটি সুষম কাঠামো প্রত্যাশা করি, যা একদিকে যেমন শ্রমিকের জীবনমান সুরক্ষিত করবে, অন্যদিকে শিল্পের টিকে থাকার সক্ষমতাও বজায় রাখবে।
শ্রমিক ও শিল্পকে মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রমিক আর শিল্প একে অপরের পরিপূরক। উভয় পক্ষ মিলে একসঙ্গে ভালো থাকলেই কেবল দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই আসুন, সবাই মিলে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করি। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’
এআইএল/সকালবেলা