২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক: রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে এই দুই পর্বের বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যকার মতপার্থক্য নিরসন করে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে সরকার কাজ করছে। তবে মাওলানা সাদপন্থীদের আলাদা ইজতেমা আয়োজনের বিষয়ে বৈঠকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

অপর এক প্রশ্নের জবাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিগত বছরের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। জনগণের শতভাগ প্রত্যাশা পূরণে আরও কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন