মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
জাতীয় প্রধানঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) অপচেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক ও তৎপর টহল দলের বাধার মুখে তাদের এই পুশইনের চেষ্টা পুরোপুরি পণ্ড হয়ে গেছে।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর ৫টার দিকে ভারতের ৯ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সিঙ্গামোড়া ক্যাম্পের একদল সদস্য অনির্ধারিত ছয়জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় সামন্তা বিজিবি ক্যাম্পের নিয়মিত টহল দলের বিষয়টি নজরে এলে তারা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং সীমানা অতিক্রম করতে বাধা দেন।
বিজিবির দৃঢ় ও কঠোর অবস্থানের কারণে বিএসএফ তাদের সীমানা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে ওই ছয় ব্যক্তি সীমান্তের শূন্যরেখা (জিরো লাইন) থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সামন্তা বিওপির বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সীমান্তে নিয়মিত নজরদারি বজায় রেখেছেন।