বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে ১১ সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলনে সীমান্ত নিরাপত্তা, পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধসহ ১১টি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিজিবির ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে, ভারতের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের মহাপরিচালক শ্রী প্রবীন কুমার। আগামী নভেম্বর মাসে ঢাকায় পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আয়োজনের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে।
সম্মেলনে গৃহীত ১১টি প্রধান সিদ্ধান্ত ও আলোচনার দিকগুলো নিচে তুলে ধরা হলো:
১. সীমান্তে হত্যা ও সহিংসতা প্রতিরোধ:
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানায় বিজিবি। উভয় পক্ষ সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যৌথ টহল বৃদ্ধি এবং অবৈধ পারাপার রোধে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মত হয়। নিজ নিজ দেশের নাগরিকদের ওপর সংঘটিত হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়।
২. পুশ-ইন ঘটনা রোধ:
রোহিঙ্গা ও মিয়ানমার নাগরিকসহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে সাম্প্রতিক পুশ-ইনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজিবি। বিজিবি মহাপরিচালক এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানান এবং বলেন, দ্বিপাক্ষিক যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে শুধু নিশ্চিত বাংলাদেশি নাগরিকদেরই ফেরত নেওয়া হবে।
৩. সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান বন্ধ:
ভারত থেকে বাংলাদেশে হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক ও আগ্নেয়াস্ত্রের চোরাচালান রোধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়। মাদক ও আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে উভয় দেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের পাশাপাশি সমন্বিত যৌথ টহল (SCP) জোরদার করতে একমত হয়েছে।
৪. অবৈধ অভিবাসন ও মানবপাচার:
বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে রোহিঙ্গাদের ভারতে অবৈধ চলাচলের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করে বিজিবি। উভয় পক্ষ মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং ভুক্তভোগীদের উদ্ধার ও পুনর্বাসনে একমত হয়।
৫. সীমান্ত বেড়া ও অবকাঠামো নির্মাণ বিধি:
আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশের অনুমতি ছাড়া কোনো অননুমোদিত নিরাপত্তা সংক্রান্ত বেড়া (SRF) বা গবাদিপশুর বেড়া নির্মাণ না করার ওপর জোর দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের যেকোনো নির্মাণ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত হয়।
৬. জাল মুদ্রা ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধ:
দুই দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর জাল মুদ্রা ও স্বর্ণ চোরাচালান রুখতে চেকপোস্টগুলোতে শনাক্তকরণ যন্ত্র জোরদার করা এবং অপরাধী সিন্ডিকেটের গোয়েন্দা তথ্য আদান-প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
৭. পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম:
ভারতের মিজোরাম রাজ্যে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও বাংলাদেশবিরোধী তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজিবি। জবাবে বিএসএফ জানায়, ভারত কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেবে।
৮. সীমান্ত নির্ধারণ ও পিলার পুনঃস্থাপন:
মুহুরী চর এলাকায় অস্থায়ী চিহ্নগুলোকে দ্রুত স্থায়ী পিলারে প্রতিস্থাপন এবং কুষ্টিয়াসহ অন্যান্য সেক্টরের অনুপস্থিত সীমান্ত পিলার পুনঃস্থাপনের জন্য দুই দেশের ভূমি জরিপ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।
৯. অভিন্ন নদীর পানি ব্যবহার ও তীর সংরক্ষণ:
২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কুশিয়ারা নদী থেকে শুষ্ক মৌসুমে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের লক্ষ্যে রহিমপুর খালের অবশিষ্ট খনন কাজ দ্রুত সম্পন্ন করতে ভারতের সম্মতি চাওয়া হয়। এছাড়া অন্যান্য সীমান্ত জেলায় বন্যা ও ভাঙন প্রতিরোধে ১৭টি জরুরি নদীতীর সংরক্ষণ প্রকল্প যৌথ নদী কমিশনের মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়।
১০. অননুমোদিত নির্মাণ ও সীমান্ত বিধি-নিষেধ:
সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে অননুমোদিত ডিউটি পোস্ট, ধাতব সড়ক বা কংক্রিট কাঠামো নির্মাণ থেকে মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকি বিবেচনায় প্রতি ৬ মাস পর পর ঝুঁকিপূর্ণ এলাকা পর্যালোচনা করা হবে।
১১. গণমাধ্যম প্রতিবেদন ও বিভ্রান্তিমূলক তথ্য রোধ:
সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে দুই দেশের অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়ে মিথ্যা তথ্য, গুজব বা বিকৃত সংবাদ প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই ধরনের অপপ্রচার রোধে নিজ নিজ দেশের সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।