দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জ্বালানিতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা এবং সে কারণে টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়; বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য একটি অংশ।
আজ রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন খরচ ব্যাপক হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রার অংশ।
তারেক রহমান বলেন, আজ আমরা এমন একটা উদ্যোগ উদ্বোধন করছি, যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুই কান নির্মিত নকশার এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং সেই ভবনের ছাদেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি—নেতৃত্ব কেবল নীতি নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সব সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে।