হজের খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
হজের খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হজযাত্রীদের খরচ নিয়ন্ত্রণে রাখতে সৌদি সরকারকে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশে বহাল রাখার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) দুপুরে রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

জানা যায়, ২০২৭ সালের হজে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে, যা বাস্তবায়িত হলে হজযাত্রীদের সার্বিক খরচ বৃদ্ধি পাবে। এ কারণে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় খরচ যেন না বাড়ে, সে লক্ষ্যে ২০২৬ সালের মতো আবাসন কোটা ১ শতাংশে অপরিবর্তিত রাখার বিশেষ অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়।

সৌদি রাষ্ট্রদূত জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত আধা-সরকারি পত্রটি তিনি ইতিমধ্যে হাতে পেয়েছেন এবং ইতিবাচক সুপারিশসহ সৌদি সরকারের কাছে তা প্রেরণ করেছেন। একই সাথে এ বছর বাংলাদেশের সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক যেকোনো বিষয়ে মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ গ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রেরিত পত্রে আবাসন সুবিধার পাশাপাশি ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের সমপরিমাণ সার্ভিস প্যাকেজ-৩-এর সেবামূল্য নির্ধারণ করার বিষয়টিও গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে ধর্মমন্ত্রী এ বছরের সামগ্রিক হজ ব্যবস্থাপনায় অসামান্য অবদানের জন্য রাষ্ট্রদূত ও সৌদি সরকারকে বিশেষ ধন্যবাদ জানান। এ সময় দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুভাবাপন্ন সম্পর্ককে আরও সুসংহত ও মজবুত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে ধর্মমন্ত্রী দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। বৈঠকে সৌদি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা