দেশের ৭ জেলায় ভয়াবহ বন্যা: ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত ৫১
নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে চলা অবিরাম অতিবৃষ্টি, উজান থেকে আসা তীব্র পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের সাতটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের এই আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার। এই প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ধস ও পানিতে ডুবে এ পর্যন্ত ৫১ জন নাগরিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৯ জন।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির এই সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত দুর্গত সাতটি জেলা হলো— চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার মোট ৫৮টি উপজেলা, ৩৮6টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বর্তমানে বন্যার পানিতে প্লাবিত রয়েছে। দুর্গত মানুষদের জীবন রক্ষার্থে সরকারিভাবে ১,১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৪৪,৪৫৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
জেলাভিত্তিক ক্ষয়ক্ষতির বিবরণী:
চট্টগ্রাম: বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। জেলার ১৬টি উপজেলার ১৫২টি ইউনিয়ন ও পৌর এলাকা এখন পানির নিচে। এখানে ১ লাখ ৪৮ হাজার ৫০০ পরিবার পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার। জেলায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার: এই জেলায় ১০টি উপজেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ৫৮ হাজার ২৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মিলে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে (যার মধ্যে ১৩ জনই রোহিঙ্গা)। এখনো একজন নিখোঁজ রয়েছেন।
বান্দরবান: পাহাড়ি ঢলে বান্দরবানের ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮৩,৫০০ এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
রাঙামাটি ও খাগড়াছড়ি: রাঙামাটিতে ৩,৫২৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে ৩৪,৪১৭ জন মানুষ বন্যার কারণে নানামুখী সংকটে পড়েছেন
মৌলভীবাজার ও হবিগঞ্জ: দেশের পূর্বাঞ্চলেও বন্যার থাবা লেগেছে। মৌলভীবাজারে ২৬,৫৪৪ জন মানুষ বন্যাকবলিত হয়েছেন এবং ১ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে ২৮,১৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হলেও এখনো কেউ আশ্রয়কেন্দ্রে যাননি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত এই ৭টি ক্ষতিগ্রস্ত জেলার জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে ২ কোটি ৮৫ লাখ টাকা নগদ অর্থ এবং ৩,২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দেশের মোট ৬৪ জেলার জন্য সর্বমোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮,৯৫০ মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে, বন্যাকবলিত দুর্গত এলাকায় স্থানীয় জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধারকাজ, আশ্রয়কেন্দ্রে খাবার সরবরাহ ও চিকিৎসাসেবা নিশ্চিতের কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও জরুরি ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।