মক্কা প্যাক্টে 'বাংলাদেশ ফার্স্ট' নীতি অনুসরণ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সকালবেলা অনলাইন: মক্কা প্যাক্টের চুক্তি বা বাস্তবায়নের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেন, বিস্তারিত যাচাই-বাছাইয়ের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং দেশের স্বার্থবিরোধী বা অমঙ্গলকর কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা ফিরে এসেছে। আইপিইউ মহাসচিবের এই সফর দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের নেতৃত্ব ও ভূমিকা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করছে।
এআইএল/সকালবেলা