বাংলাদেশের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু করতে চায় ব্রাজিল

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু করতে চায় ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছালেও তা দুই দেশের প্রকৃত সম্ভাবনার তুলনায় অনেক কম। এই বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন দুই দেশের নীতিনির্ধারকেরা।

ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) রাজধানী ব্রাসিলিয়ার ‘পালাসিও দো প্লানালতোতে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের অর্থনীতি পরস্পরের পরিপূরক হতে পারে। বাংলাদেশ বর্তমানে ব্রাজিল থেকে তুলা, সয়াবিন, চিনিসহ বিভিন্ন কৃষিপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি করে। বিপরীতে তৈরি-পোশাক, ওষুধ, পাটজাত পণ্য ও সিরামিক ব্রাজিলে রপ্তানি করার বিপুল সম্ভাবনা রয়েছে। সরাসরি শিপিং ব্যবস্থা চালু হলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে এবং আমদানি-রপ্তানি খরচ অনেক কমে আসবে।

বাংলাদেশের কূটনীতি সমতা, মর্যাদা ও জাতীয় স্বার্থভিত্তিক হবে উল্লেখ করে হুমায়ুন কবির জানান, বর্তমান সরকার দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও সমন্বিত উন্নয়নের স্বার্থে সার্ককে (SAARC) পুনরুজ্জীবিত করতে বদ্ধপরিকর।

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও নেতৃত্বকে শুভেচ্ছা জানান উপদেষ্টা আমোরিম। বাংলাদেশকে ‘গ্লোবাল সাউথের’ একটি উদীয়মান কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে তিনি কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল রূপান্তর, জনস্বাস্থ্য ও প্রতিরক্ষা গবেষণায় কারিগরি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন। চলতি বছরের ব্রাজিলের সাধারণ নির্বাচনের পরপরই দুই দেশের মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশনস’ (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।