১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক: দেশের ১১ জেলার সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সহায়ক শক্তি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।
সোমবার (৮ জুন) আনসার ও ভিডিপির উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫ সালে বিজিবি ও আনসার বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় এই সমন্বিত নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সমন্বিত ও কার্যকর করতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
সমঝোতা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি জেলার সীমান্ত এলাকায় তারা দায়িত্ব পালন করছেন।
এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আশিকউজ্জামান বলেন, এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।