বাঁশখালীকে বন্যামুক্ত করতে স্থায়ী সব পদক্ষেপ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
বাঁশখালীকে বন্যামুক্ত করতে স্থায়ী সব পদক্ষেপ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত স্থান ও প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

চট্টগ্রামের বাঁশখালীবাসীকে যেন প্রতিবছর মারাত্মক বন্যা ও জলজট মোকাবিলা করতে না হয়, সে জন্য খাল খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সব স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম সরজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, "এ অঞ্চলের প্রাকৃতির খালগুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে স্বাভাবিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢল এলেই পানি দুই কূল ছাপিয়ে লোকালয় ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। এ স্থায়ী সংকট দূর করতে ড্রেনেজ ব্যবস্থা সচলকরণ এবং খালগুলো দ্রুত খনন ও পুনঃখনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।"

পাহাড়ি ঢলের পানির তাণ্ডব থেকে বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় এই অঞ্চলে নদী ও পাহাড়ি ঢলের ঝুঁকি মোকাবিলায় টেকসই আধুনিক বেড়িবাঁধ তৈরি করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

ত্রাণমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে গৃহনির্মাণ সামগ্রী, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সরাসরি অংশ নিতে রবিবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে আসছেন। তিনি দিনব্যাপী একাধিক মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।

পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর নির্ধারিত জনসভাস্থলটির সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন