লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সশস্ত্র চোরাকারবারি দলের অবৈধ অনুপ্রবেশ ও আগ্রাসন রুখে দিতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (২২ মে) ভোররাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় বিজিবির কড়া চ্যালেঞ্জের মুখে চোরাকারবারিরা পিছু হটতে বাধ্য হয়। তবে এই সাহসিকতাপূর্ণ অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আজ ভোররাতে পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ এর নিকটবর্তী ভারতীয় কাঁটাতারের বেড়া গলে একদল সশস্ত্র ভারতীয় চোরাকারবারি বাংলাদেশের আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় সীমান্তে টহলে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধীনে কলসিরমুখ ক্যাম্পের একটি চৌকস দল তাদের দেখতে পায় এবং তাৎক্ষণিক অবৈধ অনুপ্রবেশ না করতে কঠোর ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দেয়।
বিজিবির নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে ভারতীয় চোরাকারবারি চক্রটি জোরপূর্বক বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে বিজিবি সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নেন। অনুপ্রবেশকারীদের ছত্রভঙ্গ করতে ও আত্মরক্ষার্থে বিজিবির টহল দল দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। বিজিবির এই আকস্মিক ও গর্জে ওঠা প্রতিরোধের মুখে চোরাকারবারি চক্রটি দিকবিদিক জ্ঞান হারিয়ে সীমান্ত পেরিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
সীমান্তবর্তী বাসিন্দারা জানান, অতীতে সীমান্তে ভারতীয়দের নানা আগ্রাসনের বিরুদ্ধে বিজিবির এমন তাৎক্ষণিক ও কড়া জবাব দেওয়ার নজির খুব একটা দেখা যায়নি। বিজিবির এই সাহসী পদক্ষেপে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে একদল চিহ্নিত চোরাকারবারি আমাদের দেশের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিজিবির টহল দল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরচক্রটি পিছু হটে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়।” সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে বিজিবির এমন কঠোর ও আপসহীন অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ.আই.এল/সকালবেলা