নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরিঘাটে বাড়তি টোল ও ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষকদের ধর্মঘট নিরসনে সরাসরি হস্তক্ষেপ করেছেন জেলা পরিষদ প্রশাসক।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল স্বশরীরে ঘাট এলাকা পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো মৌসুমের ধান পরিবহনের সময় বালিখোলা ফেরিঘাটে ইজারাদারদের পক্ষ থেকে অতিরিক্ত টোল ও ট্রাক ভাড়া আদায়ের অভিযোগ তুলে আন্দোলনে নামেন হাওরের কৃষকরা। কৃষকদের এই ধর্মঘটের কারণে ঘাটের দুই পাড়ে ধানবোঝাই ট্রাক ও যানচলাচল বন্ধ হয়ে যায়, ফলে কৃষকরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনার খবর পেয়ে দ্রুত বালিখোলা ফেরিঘাটে উপস্থিত হন জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। তিনি আন্দোলনরত কৃষক ও শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। এসময় তিনি ইজারাদারদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "কৃষকদের রক্ত পানি করা ফসলের ওপর কোনো অন্যায় টোল আদায় বরদাশত করা হবে না। সরকারের নির্ধারিত হারের বাইরে এক টাকাও বাড়তি নিলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশাসকের উপস্থিতিতে এবং ন্যায্য টোল আদায়ের নিশ্চয়তা পাওয়ার পর কৃষকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। এরপর পুনরায় ফেরি চলাচল শুরু হলে ঘাটে আটকে পড়া শত শত ধানবোঝাই ট্রাক পারাপার শুরু হয়।
পরিদর্শনকালে জেলা পরিষদের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসকের এই ত্বরিত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ.আই.এল/সকালবেলা