ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে ডিএমপি মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল এবং চেকপোস্ট বাড়ানো অন্তর্ভুক্ত। এমনকি যাদের মূল্যবান জিনিসপত্র বাসায় রেখে যাওয়ার মতো আত্মীয় নেই, তাদের জন্য সেগুলো নিকটস্থ থানায় গচ্ছিত রাখার বিশেষ সুযোগের কথাও জানিয়েছেন তিনি।
ব্রিফিংয়ে নগরবাসীর উদ্দেশে সতর্কতামূলক পরামর্শ দিয়ে বলা হয়, বাসা ত্যাগের আগে দরজা-জানালা ঠিকভাবে বন্ধ করা, ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ নিরাপদে রাখা উচিত। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ না করা এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ