প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন ও উত্তর পর্বে সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফের এক প্রশ্নের লিখিত জবাবে বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন, কলেবর বৃদ্ধি, আধুনিকায়ন ও প্রশিক্ষণের উন্নয়নসহ আধুনিক, দক্ষ ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারের লক্ষ্য হলো সেনা, নৌ ও বিমান বাহিনীকে এমন সক্ষমতায় উন্নীত করা, যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা তৈরি হয়। এই লক্ষ্যে একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ও আধুনিক প্রতিরক্ষানীতি প্রণয়ন, সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, নৌবাহিনীর মাধ্যমে সমুদ্রপথ ও ব্লু ইকোনমি সুরক্ষা এবং বিমান বাহিনীর নজরদারি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আত্মনির্ভরতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। বিএনপির ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারেও সশস্ত্র বাহিনীকে আধুনিক, দ্রুত ও স্বয়ংসম্পূর্ণ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান নিরাপত্তা বাস্তবতায় সরকার সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে। বিমান বাহিনীতে ৪.৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান সংযোজনের পাশাপাশি ‘এক পদ, এক পেনশন’-এর মতো বিষয় বিবেচনায় নিয়ে একটি প্রযুক্তি-মুখী সশস্ত্র বাহিনী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। উন্নত অস্ত্রশস্ত্র, সাবমেরিন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে।
সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতেও কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিত যৌথ প্রশিক্ষণ, মহড়া ও প্রতিরক্ষা সংলাপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। চারদিনের মুলতবির পর আজ বুধবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য, চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে।
আই.এ/সকালবেলা