পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারিই বলে দিচ্ছে সংকট কতটা প্রকট আকার ধারণ করেছে। ঢাকার বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক ও মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়।

জ্বালানি নিতে আসা অনেকেরই দাবি, আগের রাতে পাম্প বন্ধ থাকায় তারা তেল নিতে পারেননি। তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করেছেন। কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যানবাহন চালকদের অভিযোগ, সকাল হলেই ‘ভিআইপি সিরিয়াল’ নামে আলাদা একটি লাইন তৈরি হয়। এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কোথায়, কখন, কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে– এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে, পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারির ফলে সড়কে তীব্র যানজট দেখা দিচ্ছে। রোদ, গরম আর যানবাহনের শব্দে অপেক্ষারত চালকদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন