দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা ১ ঘণ্টা বাড়াল সরকার

দোকান-শপিং মল খোলা রাখার সময়সীমা ১ ঘণ্টা বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সাশ্রয়ে আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। 

আজ রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর সব শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা ব্যবসায়ীদের জীবনজীবিকার কথা বিবেচনা করে সময়সীমা রাত ৮টা পর্যন্ত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, "দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দাবির কথা বিবেচনা করেই সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি এখনো আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।"

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা জানান, ১ ঘণ্টা সময় বাড়ায় ক্রেতা ও বিক্রেতা উভয়েই কিছুটা স্বস্তি পাবেন। তবে বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে সরকারের জ্বালানি সাশ্রয় নীতি মেনে চলার বিষয়েও তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ সরকার দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন