নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল আজ সোমবার (৬ এপ্রিল) ঘোষণা হতে পারে। এই লক্ষ্যে নির্বাচন কমিশনের ১১তম সভা অনুষ্ঠিত হচ্ছে। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংসদীয় আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মে পর্যন্ত এই নির্বাচনের সময়সীমা রয়েছে। তবে কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে চায়। ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, আজকের কমিশন সভা শেষে তফসিল ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ জানান, সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে জোটগত প্রার্থী দেবে। প্রাপ্ত আসনসংখ্যা অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি নারী আসন পেতে যাচ্ছে। স্বতন্ত্র সংসদ সদস্যরা নিজেদের মধ্যে আলাদা একটি জোট গঠন করেছেন। অন্যদিকে, স্বতন্ত্র হিসেবে নির্বাচিত রুমিন ফারহানা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকছেন না।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে সাধারণত সরাসরি ভোটগ্রহণের প্রয়োজন হয় না। দলগুলোর মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজকের সভায় সংরক্ষিত নারী আসনের তফসিল ছাড়াও নির্বাচনী সামগ্রী সংরক্ষণ, ৯ এপ্রিলের উপনির্বাচন এবং নির্বাচনী দায়িত্ব পালনকালে হতাহতদের ক্ষতিপূরণ নীতিমালার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন