মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ: কূটনৈতিক সহায়তার আহ্বান

মিসাইল আতঙ্কে হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ: কূটনৈতিক সহায়তার আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির কাছে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রা'। ৩১ জন বাংলাদেশি নাবিকবাহী এই জাহাজটি নিরাপত্তা ঝুঁকির মুখে শেষ পর্যন্ত পথ পরিবর্তন করে পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

জানা যায়, গত ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। এ সময় ওই এলাকায় মিসাইল হামলার খবর পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় অবস্থান করছে।

জাহাজটি ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ১১ মার্চ পণ্য খালাস শেষ হওয়ার পর জাহাজটির কুয়েতে নতুন পণ্য বোঝাই করার কথা ছিল। কিন্তু যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় বিএসসি কর্তৃপক্ষ নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই থাকায় কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হচ্ছে। নাবিকরা শারীরিকভাবে সুস্থ আছেন এবং জাহাজে পর্যাপ্ত খাদ্য, সুপেয় পানি ও জ্বালানি মজুত রয়েছে। জাহাজটি যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন